আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :-
চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার যানজট নিয়ন্ত্রণ করতে জিইসি মোড়ে অস্থায়ী ব্যারিকেট দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।
শনিবার থেকে অস্থায়ীভাবে এই ব্যারিকেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার মোস্তাক আহমেদ।
তিনি বলেন, এই উদ্যোগটি নেয়া হয়েছে শুধুমাত্র পরীক্ষামূলক। জিইসি মোড়ের জ্যাম নিয়ন্ত্রণ হয় কিনা আরও দু’এক দিন পরীক্ষামূলক দেখা হবে।
যদি এই পদ্ধতিতে মোড়ের জ্যাম কমে তাহলে স্থায়ীভাবে সোজাসুজি বাইপাস বন্ধ করে দেয়া হবে।
সরেজমিনে দেখা যায়, একে খান থেকে আসা যানবাহনগুলোর সোজা বাইপাস নিয়ন্ত্রণ করে দুই নম্বর গেইটের দিকে সামান্য গিয়ে মোড় ঘুরার ব্যবস্থা করা হয়েছে।
একইভাবে সেন্টারপ্লাজার সামনে থেকে একে খান ও খুলশি মুখি যানবাহনগুলো আরেকটু সামনে গিয়ে পেনিনসুলা হোটেলের সামনে থেকে মোড় ঘুরানো হয়েছে।
জিইসি মোড়ের জ্যাম নিয়ন্ত্রণ করতে নগর ট্রাফিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, শনিবার থেকে জিইসি মোড়ের জ্যাম কিছুটা নিয়ন্ত্রণে।