মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। বঙ্গবন্ধুর ছবির ওপরে করোনার সতর্কতামূলক লিখা একটি কাগজ সাঁটিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাধবপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে হিসাবরক্ষক সুলতান আহম্মেদের অফিস কক্ষে সাঁটানো বিজয় দিবসের একটি পোস্টারে বঙ্গবন্ধুর বড় ছবি ছাপা। ওই ছবির ওপর করোনা সতর্কতামূলক ‘covid-19 দয়া করে সামাজিক দুরত্বে অবস্থান করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগীতা করুন। ধন্যবাদ।’ লেখা একটি কাগজ সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে সুলতান আহমদকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। মাধবপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসে সাত বছর যাবৎ তিনি কর্মরত আছেন। প্রকৌশলীর অফিসে বিগত ৫ মাস যাবৎ বঙ্গবন্ধুর ছবির উপর এমন বিকৃতি উপজেলা প্রকৌশলী জুলফিকার আহম্মদ এ দায় কোন ভাবে এড়াতে পারেন না বলে জানান এলাকার সুশীল সমাজ।
বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে জাতির পিতার ছবি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে বিস্তারিত আছে। সেখানে বলা হয়েছে, জাতির পিতার ছবির অবমাননা করা যাবে না। ছবির উপর কোন লেখা ও নাম লেখা যাবে না। ৭ (ক) অনুচ্ছেদে আছে কেউ যদি সংবিধানের কোন অংশ অবমাননা করে তা রাষ্ট্রদ্রোহীতার সামিল।