সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :
প্রাণঘাতী কোরানাভাইসারের বিস্তার রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠকে লকডাউন ঘোষণা করা হয়।
শনিবার সন্ধ্যা ছয়টা থেকে এ লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সাংবাদিকদের জানান, প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ জেলায় জনসাধারণের প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করতে অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। তবে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।সভায় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. আবু সাঈদসহ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন এবং বাকি ৬ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।