সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের দাবী না মেটানোয় গৃহবধূ সাদিয়া আক্তারকে (২০) বেধরক মারধর করাসহ শরীরে গরম লোহার ছ্যাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ মিলেছে। পাষণ্ড স্বামীর বর্বরোচিত নির্যাতনের শিকার হওয়া ওই গৃহবধূ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূ সাদিয়া আক্তার জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের আলমাছ মিয়ার মেয়ে।
নির্যাতিতার পরিবার জানায়, গত ৫ বছর আগে একই ইউনিয়নের পূর্বগ্রামের রতন মিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে বিয়ে হয় সাদিয়ার। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী রফিকুল ইসলাম যৌতুকের দাবীতে সাদিয়াকে নির্যাতন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ ওই গৃহবধূকে তার স্বামী ঘরের দরজা বন্ধ করে মারধর শেষে গরম লোহা দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়। পরে স্থানীয় ইউপি মেম্বার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কবির হোসেন জানান, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।