আবু রায়হান,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বি এস এফ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বাংলাদেশের বেশ কিছু লোক গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন দিক থেকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফর ছোঁড়া গুলিতে ভারতের ৮০০ গজ অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) নিহত হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন এটি নিশ্চিত করেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান। তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।