আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:
বেড়েছে শীতের তীব্রতা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই চট্টগ্রাম নগরীতে নেমেছে ইলশে-গুঁড়ি বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলেও একই অবস্থা ! নগরীর আজকের (শুক্রবার) দিনটি রৌদ্রের হাসিমাখা আলিঙ্গন দিয়ে শুরু হলেও বেলা এগারটা থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে আজও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা মৃদু বৃষ্টি হতে পারে।শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সমুদ্রবন্দরগুলোকে কোনো সতর্কতাসংকেত দেখাতে বলা হয়নি।এই বিষয়ে চট্টগ্রামের সহকারি আবহাওয়াবিদ হারুনুর রশিদ জানান, প্রতিবছর ডিসেম্বর মাসে ৪ থেকে ৫ দিন স্বভাবিক ভাবেই বৃষ্টিপাত হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এ বৃষ্টির কারণে শীতের প্রকোপ বাড়তে পারে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং তার পরবর্তী ৫ দিনের শেষের দিকে হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৫৮ শতাংশ। চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ১৭ মিনিট।