ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শিশুশিক্ষার্থী সুমনা হক (৯) এর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুল সহ কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের (১৪) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি করছি। যাতে করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ ছাড় না পায়।
উল্লেখ, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ।
সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, সুমনা হক গত ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করেন। মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় পাশের বাসায় খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমনা। এরপর থেকে প্রতিবেশী ইয়াসিন হাবীব কানন ও তার ছেলে রিয়াজের ওপর নজরদারি শুরু হয়।
পরে বৃহস্পতিবার রাতে রিয়াজকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি সে স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে তার বসতঘরের মাটি খুঁড়ে সুমনার মরদেহ উদ্ধার করা হয়।