আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা ও সীতাকুণ্ড থানা এলাকায় থেকে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। সোমবার (৪ নভেম্বর) শহরের বিশ্ব কলোনি ও সীতাকুণ্ড উপজেলার কালুশাহ এলাকায় বিকালে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত তিনজন হলেন- মো. মনির (২৮), মো. আলমগীর (৩০) ও মো. খোকন (৩০)। তাদের কাছ থেকে ৬৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় সোমবার বিকালে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মনির ও আলমগীরকে। পরে আলমগীরের দেয়া তথ্যানুযায়ী বিশ্ব কলোনি এইচ ব্লকে তার বাসা থেকে উদ্ধার করা হয় আরও ৩৩ হাজার ৩৫০ পিস ইয়াবা।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট।
কাজী মোহাম্মদ তারেক আজিজ আরো বলেন, এর আগে সোমবার রাতে সীতাকুণ্ড উপজেলার কালুশাহ এলাকায় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে খোকন নামের অপরজনকে গ্রেপ্তার করা হয়। বাসে তার সঙ্গে থাকা একটি বস্তা থেকে ১০ প্যাকেটে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনিরের বাড়ি ফেনী, আলমগীরের বাড়ি কুমিল্লা ও খোকনের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলেও জানান র্যাবের ওই উর্ধ্বতন কর্মকর্তা।