৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শহিদুল চৌধুরী গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
বোচাগঞ্জে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শহিদুল চৌধুরী গ্রেফতার

Manual4 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের ঘটনায় দিনাজপুরের বোচাগঞ্জে তীব্র বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়দের অভিযোগ, যাকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে, তিনি দীর্ঘদিন আগেই দল থেকে বহিষ্কৃত ছিলেন। অথচ পুলিশ তাকে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি হিসেবেই গ্রেপ্তার দেখিয়েছে।

বোচাগঞ্জ থানা সূত্র জানায়, ২০ ডিসেম্বর রাতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শহিদুল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২১ ডিসেম্বর সকালে তাকে আদালতে পাঠানো হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সেতাবগঞ্জ পৌর এলাকার ইমরুল রেজা নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে দাবি করেন, শহিদুল হোসেন চৌধুরী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে প্রশ্ন তোলেন—যারা প্রকৃতভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং প্রকাশ্যে চলাফেরা করছেন, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শহিদুল হোসেন চৌধুরী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Manual2 Ad Code

তবে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের ২ নভেম্বর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আটজন নেতাকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কৃতদের তালিকায় শহিদুল হোসেন চৌধুরীর নামও রয়েছে।

Manual4 Ad Code

এদিকে পরিবার সূত্র ও জাকের পার্টির প্যাডে থাকা তথ্যমতে, ২০২৫ সালের ২৫ আগস্ট ড. সায়েম আমীর ফয়সলের স্বাক্ষরে জাকের পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শহিদুল হোসেন চৌধুরীর নাম সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তবে এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,শহিদুল হোসেন চৌধুরীকে ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালে বহিষ্কৃত একজন নেতাকে গ্রেপ্তার করা হলেও যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্যাতন, ভয়ভীতি ও দখলবাজির অভিযোগ রয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।

নিষিদ্ধ আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে প্রশাসনের ভূমিকা ও অভিযানের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।