আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকে ফিটনেসবিহীন বাস, প্রাইভেট কার ও হিউম্যান হলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ট্রাফিক বিভাগ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় অভিযানের বিষয়ে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ।
তিনি বলেন, বিগত সপ্তাহগুলোতে সিএমপির ট্রাফিক বিভাগ গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকা, হেলমেট পরিধান না করাসহ বাইকের কাগজপত্র যাচাই, বাইকচালক ও আরোহীর হেলমেট পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে।
যার সুফল ইতোমধ্যে দৃশ্যমান। এরই ধারবাহিকতায় যাত্রীদের গণপরিবহনে চলাচল নিশ্চিত ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করবে ট্রাফিকের দুই বিভাগ।
এ ব্যাপারে ট্রাফিক বন্দর বিভাগের পরিদর্শক (এডমিন) শওকত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা ট্রাফিক বন্দর বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ট্রাফিক নির্দেশনামূলক হ্যান্ডবিল প্রচার করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি।
যার প্রেক্ষিতে নগরে বিভিন্ন রুটে নিয়ম মেনে বাস চলাচল সহ অন্যান্য যানবহনে রুট মেনে চলা, গাড়ির সঠিক কাগজপত্র সাথে রাখা ও নিয়মিত বাইক চালনার সময় হেলমেট পড়ার প্রবণতা লক্ষণীয়।
উল্লেখ্য, নগরের যানজট ও যাত্রীদের দুর্ভোগ কমাতে নগরের পতেঙ্গা থেকে কালুরঘাট পর্যন্ত বাস সমূহের সম্পূর্ণ রুট নিশ্চিতের লক্ষ্যে সিএমপির ট্রাফিক বিভাগ পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছে।
এতে বলা হয় ৬ ও ১০ নম্বর রুটের বাসগুলো নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে শেষ গন্তব্যস্থলে যাবে এবং এসব মনিটরিং করবে সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা।