সাপ্তাহিক অভিযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক নেতা নুরূণ নেওয়াজ
নিউজ ডেস্ক: জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল (এনওপিসি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থা জাতীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মী নুরূণ নেওয়াজ-কে সাপ্তাহিক অভিযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক নেতা, কবি ও লেখক শেখ তিতুমীর আকাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, মানবাধিকার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নুরূণ নেওয়াজের নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও প্রতিষ্ঠানটি কার্যক্রম অব্যাহত রেখেছে। নানা সংকট অতিক্রম করে নতুন উদ্যমে পত্রিকার কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষ ও বিশ্বস্ত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
শেখ তিতুমীর আকাশ বলেন, সাপ্তাহিক অভিযোগ শুধু একটি সংবাদপত্র নয়; এটি সত্য, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতিবিরোধী অবস্থান এবং জনস্বার্থে সাংবাদিকতার একটি অঙ্গীকার। ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, সুশাসন এবং স্বাধীন সাংবাদিকতার বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
নবনিযুক্ত নির্বাহী সম্পাদক নুরূণ নেওয়াজ দায়িত্ব পাওয়ায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ ৩৪ বছরের সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি দেশের সকল সাংবাদিক ও প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যে কোনো প্রয়োজনে দেশের সাংবাদিক ও প্রতিনিধিদের পাশে থাকবে সাপ্তাহিক অভিযোগ পরিবার। সত্য প্রকাশের ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনে প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
এদিকে, পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৬৪ জেলায় সাপ্তাহিক অভিযোগ এবং বিএসকেএস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেড-এর অধীন বিভিন্ন গণমাধ্যমের জন্য জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ কার্যক্রম শিগগিরই শুরু হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পত্রিকার ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম (তাজ) বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি আইনি সহায়তা, প্রশিক্ষণ এবং পেশাগত সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।