মোঃ আবু তাহের,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ ও ইউনিসেফ’র যৌথ আয়োজনে বুধবার দুপুরে জনসচেতনতা মূলক নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাড়াগ্রাম ইউনিয়নের ইসিএমএই প্রকল্পের ফ্যাসিলেটেটর সাবেকুন্নাহার গীতির সঞ্চালনায় ও আরডিআরএস বাংলাদেশের ওয়াশ কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম নূরল আমিন শাহ্,সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান ও খামার গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকরা অতিথিদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, মেয়ে শিক্ষার্থীদের ঋতুকালীণ সময়ে স্কুলে আসতে নানান ধরণের সমস্যা হয়। এই ঋতুকালীন সময়ে স্কুল থেকে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদী প্রদান করার ব্যবস্থা করতে অনুরোধ করলে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সকল সমস্যা সমাধানে কাজ করার আশ্বস্ত করেন।
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক শিক্ষার্থীদের স্কুলে যেতে যেন কোন প্রকার সমস্যা না হয় এবং শিক্ষার্থীদের ঋতুকালীন সময়ে প্রয়োজনীয় সরঞ্জামাদী সরবরাহ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
পরিশেষে গাড়াগ্রাম শ্রম কল্যাণ পাবলিক পাঠাগার’র নাট্য সংগঠনের সদস্যদের পরিচালনায় হাইজিন ও নিউট্রিশন বিষয়ক নাটিকা আলোকিত স্কুল পরিবেশন করা হয়।