কামারখন্দে উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত
আজিম ভূঁইয়া,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধাজ্ঞাপন শেষে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।