আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পু্লিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম আহসান উল্লাহ প্রকাশ সাগর (৩৬)। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে নগরীর নজির আহমদ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহসান উল্লাহ সাগর নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর মহব্বতপুর এলাকার অলি উল্লাহর ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার সকালে দুই ব্যক্তি বেড়াতে আসেন ডিসি হিলে। তাদের টার্গেট করে আহসান উল্লাহ সাগর নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন- তাদের নামে থানায় অভিযোগ আছে। তার সঙ্গে থানায় যেতে হবে। একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে ওই দুই ব্যক্তিকে নিয়ে ডিসি হিল থেকে নজির আহমদ চৌধুরী রোডে যান সাগর। দুই ব্যক্তির কাছে অটোরিকশাতেই বসে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন সাগর। টাকা না দিলে জেলে পাঠানোর হুমকি দেন সাগর।
মোহাম্মদ মহসীন আরো বলেন, সিএনজি অটোরিকশা নজির আহমদ চৌধুরী রোডে থামালে ভিকটিমের কথা কাটাকাটি হয় সাগরের সঙ্গে। এ সময় পথচারীরা এগিয়ে আসলে সাগর নিজেকে পুলিশ পরিচয় দেয়। পুলিশের আইডি কার্ড দেখতে চাইলে দেখাতে সাগর ব্যর্থ হয়। পরে সাগর পালানোর চেষ্টা করলে টহল পু্লিশ তাকে গ্রেপ্তার করে। তবে তার সাথে থাকা অপর সহযোগী পালিয়ে যায়। তাকেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তারকৃত আহসান উল্লাহ সাগর পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলেও জানান ওসি মহসীন।