গাইবান্ধা শহরে জনতার ঢল, কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ।
বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এ সময়টাতেই গাইবান্ধা জেলা শহরের বাজার ও বিপণিবিতানগুলোতে শুরু হয়েছে শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শহরের পৌর পার্কে স্যান্ডেল পট্টি, বড় বাজার এবং ডিবি রোড এলাকার আশপাশের দোকানগুলোতে সকাল থেকেই মানুষের ঢল নামে। তবে দিনে কিছুটা গরম ও রোদ উপেক্ষা করেই নারী, পুরুষ ও শিশুরা পছন্দের পোশাক, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন।
তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে সুতি ও জর্জেট থ্রি-পিস। অন্যদিকে তরুণ ও পুরুষদের ভিড় বেশি দেখা যাচ্ছে পাঞ্জাবি, শার্ট ও জিন্সের দোকানগুলোতে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ভরসা হয়ে উঠেছে শহরের ফুটপাতের দোকানগুলো, যেখানে তুলনামূলক কম দামে ঈদের পোশাক ও সামগ্রী পাওয়া যাচ্ছে।
এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে শহরের প্রধান সড়কগুলোতে রিকশা ও ইজিবাইকের জট তৈরি হচ্ছে। এতে করে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হলেও ঈদের আনন্দে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না তারা।
ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বিক্রি বাড়ছে। কয়েকদিনের তুলনায় এখন ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি। দোকানগুলোতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
শেষ মুহূর্তের কেনাকাটা নির্বিঘ্ন রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে গাইবান্ধা শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।