১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ডিপজলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫
ডিপজলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

Manual3 Ad Code

ডিপজলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

বিনোদন ডেস্ক:এক ভক্ত ও তার স্বামীর দ্বারা বারবার মামলার শিকার হচ্ছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের এক নারী ভক্ত তার বিরুদ্ধে মামলা করেছিলেন। সে সময় ডিপজল চিকিৎসার জন্য বিদেশে ছিলেন এবং এখনও আছেন। তখন তিনি তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই নারী ভক্তকে চেনেন না বলে জানিয়েছিলেন। এফডিসিতে এক সময় তার কাছে সহযোগিতা চাইতে এলে তাকে আর্থিক সহযোগিতা করেছিলেন। অথচ সেই নারী ভক্ত তার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করে দেন। এবার সেই নারীর স্বামী সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে ডিপজলের বিরুদ্ধে একটি ‘হত্যাচেষ্টা মামলা’ করেছেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিপজলের সাথে আসামী করা হয়েছে তার সহকারী মো. ফয়সালকে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গত ৮ জুলাই ৩৫ বছর বয়সী ওই নারী মামলা করেন। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। ডিপজলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিত্তিহীন অভিযোগে শুধু হয়রানির জন্য একই ভক্তের পরিবার এসব মামলা করেছে। অথচ ভক্ত যেসব ঘটনার অভিযোগ করেছেন, ওই সময়ে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। এখনও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ডায়বেটিস, হৃদরোগ, চোখের সমস্যাসহ শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে পরামর্শ দিয়েছেন। এ কারণে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। এমতাবস্থায় তাকে হয়রানি ও মানসিক ক্ষতি করার জন্য উক্ত ভক্ত একের পর এক মামলা করছে, যা তাকে বিপর্যস্ত করে তুলেছে। একজন শিল্পীর বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা পুরো শিল্পী সমাজের জন্য ভয় ও আতংকের সর্বোপরি মানহানিকর। ডিপজলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা অনুরোধ করব, শুধু ডিপজল নয়, যেকোনো শিল্পীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়। এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিও ডিপজলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন সদস্য বলেন, ডিপজল আমাদের সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। চলচ্চিত্রের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। শিল্পীদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। এমন কোনো অসহায় ও দুস্থ শিল্পী নেই, যার পাশে তিনি দাঁড়ান না। তিনি নিজ থেকে চলচ্চিত্রের মানুষের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়ান। তিনি খুবই অসুস্থ। প্রায় এক বছর ধরে তিনি দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। এমতাবস্থায়, একটি কুচক্রি মহল উসকানি দিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করাচ্ছে। এটা আমাদের শিল্পীদের জন্য অবমাননাকর। এর প্রতিকার হওয়া দরকার। এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে হুট করে যে কেউ মামলা করে দিচ্ছে। অথচ শিল্পী তা জানে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এ ধরনের ভিত্তিহীন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। ভক্তদের কাছেও অনুরোধ থাকবে, আপনারা কারো কথায় প্ররোচিত হয়ে শিল্পীদের বিরুদ্ধে ভিত্তিহীন হয়রানিমূলক মামলা যাতে না করেন। কোনো অভিযোগ থাকলে আমাদের সমিতিতে এসে অভিযোগ জানাতে পারেন। আমরা তা প্রতিকারের ব্যবস্থা করব।