বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে গাইবান্ধা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোঃ মাসুদুর রহমান মোল্লা ও জেলা পুলিশ সুপার জনাব জসিম উদ্দিন মহোদয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল, গাইবান্ধা প্রেস ক্লাব কাজারী বাজারসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এরপর গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
পরে স্টেডিয়ামে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।