বিশেষ প্রতিনিধি। টানা ১৫ বছরের শাসনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর পার করলেও রাজনৈতিক ময়দানে প্রকাশ্যে ফিরতে পারেনি আওয়ামী লীগ। তবে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে দলটির একটি অংশ অনলাইন ও অফলাইনে সংগঠিত হয়ে হামলা ও নৈরাজ্যের পরিকল্পনা করছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এই সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে রোববার (২৮ জুলাই) একটি সতর্ক বার্তা জারি করেছে, যা দেশের সব জেলা পুলিশ, মহানগর পুলিশ ও গোয়েন্দা ইউনিটে পাঠানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক জোট ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো কর্মসূচি পালন করছে। এই সুযোগে বিতর্কিত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী ‘সাম্প্রতিক উত্তেজনাকে উসকে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে’ পারে বলেও সতর্ক করা হয়েছে। সতর্কতা অনুযায়ী, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি, মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ যানবাহনে তল্লাশি, বাস-লঞ্চ-রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি, মোবাইল পেট্রোল বৃদ্ধি এবং সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।