বিশেষ প্রতিনিধি।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন এবং জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিকেরও বেশি গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও জানান, এবারের নির্বাচনে সাংবাদিকদের জন্য কিছু নতুন নিয়ম-কানুন প্রযোজ্য থাকবে। পেশাগত সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে যাচাই-বাছাই শেষে নির্বাচনী পাস কার্ড প্রদান করা হবে। পাশাপাশি ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে গাইবান্ধা জেলার গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়।