
শেখ স্বপ্না শিমুঃ পাঁচ দিন নিখোঁজের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজন ও বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বিখ্যাত অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী সাকিব আলী। কয়েক মাস আগে নতুন কর্মস্থল লস অ্যাঞ্জেলেসে যোগ দেন তিনি।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে সাকিব আলী লস অ্যাঞ্জেলেসের বিমান বন্দর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অভিজাত মেরিনা ডেল রে-এর এক অ্যাপার্টমেন্টে একাই থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ছেলে সাকিবের সাথে শেষবারের মতো কথা হয় তাদের। এরপর থেকেই ফোনে ছেলেকে না পেয়ে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি সাকিবের। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তারা।
ছেলেকে খুঁজতে লস অ্যাঞ্জেলেসে ছেলের বাসায় হাজির হয় পরিবার। তারা সাকিবের বাড়ি ভেতর থেকে তালা দেয়া দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে অ্যাপার্টমেন্ট সুপারভাইজারের কাছ থেকে কোড নিয়ে দরজা খোলে। শোবার ঘরের মেঝেতে সাকিবের মরদেহ পড়ে ছিল।
পরে সেখান থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। লস অ্যাঞ্জেলেসের ইসলামিক সেন্টারে প্রথম জানাজা শেষে আটলান্টায় দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।