
বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু প্রমুখ
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ২ শত ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ১৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৩০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার, ৩০ জন মুগ চাষিকে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, ২০ জন হলুদ চাষিকে ১০০ কেজি বীজ ও ১০ কেজি সার এবং ৪ হাজার জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। সময়মতো সরকারি এ সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সহায়ক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিক প্রণোদনা ও সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি সময়োপযোগী প্রণোদনা কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।