
লোকমান ফারুক, রংপুরঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার পুটিমারী গ্রাম। এক সেনাসদস্যের বাড়ির বন্ধ গেটের সামনে ঠায় বসে আছেন এক তরুণী। বুধবার রাত থেকে শুরু হওয়া এই অনশন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক বছরের এক 'গোপন' সম্পর্কের প্রকাশ্য বিচার চাওয়া।
সেনাসদস্য আসাদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে প্রণয়ের শুরু। ছুটিতে এসে রেস্ট হাউজের নিভৃত মুহূর্ত -সবই চলছিল ঠিকঠাক। কিন্তু সম্প্রতি সেই একান্ত সময় কাটানোর খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই সম্পর্কের 'মধুরতা' বিষাদে রূপ নেয়। স্থানীয়রা বিয়ের উদ্যোগ নিলে হঠাৎই দৃশ্যপট থেকে উধাও হয়ে যান আসাদুল।
অনশনরত তরুণীর সোজাসাপ্টা কথা-সমাজ এখন সব জানে, তার আর ফেরার পথ নেই। "আমি সব হারিয়েছি, এখন স্ত্রীর মর্যাদা না নিয়ে এখান থেকে নড়ব না"-তার এই আর্তনাদ যেন পুটিমারীর বাতাসে এক বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ওদিকে সেনাসদস্যের পরিবার মুখে কুলুপ এঁটেছে। আসাদুল এখন 'আত্মগোপনে'।
মিঠাপুকুর থানা পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে। কিন্তু কাগজের আইনের চেয়েও এখানে বড় হয়ে দাঁড়িয়েছে 'নৈতিকতা'। আসাদুল কি তবে সৈনিকের পোশাকের আড়ালে দায়বদ্ধতা বিসর্জন দিলেন? নাকি সামাজিক লোকলজ্জার ভয়ে এক তরুণীর জীবনকে গেটের ওপারে ঠেলে দিলেন? শেষ পর্যন্ত এই অনশন কি কেবল এক পাক্ষিক লড়াই হয়েই থেকে যাবে, নাকি বিবেক জাগ্রত হবে ওই বন্ধ দুয়ারের ওপাশে?
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।