স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ায় জনসমক্ষে যত্রতত্র সিগারেটের ফিল্টার ফেলে জরিমানার মুখে পড়েছেন ২৮ বছর বয়সি একজন বাংলাদেশি যুবক। মো. সুলতান নামের ওই তরুণ পেশায় একজন প্রোডাকশন অপারেটর। আইন লঙ্ঘনের দায়ে আদালত তাকে ১ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা এবং নির্দিষ্ট মেয়াদে সমাজসেবামূলক কাজ করার আদেশ দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দেশটির জোহর বাহরুর দায়রা আদালতের বিচারক চে ওয়ান জাইদি চে ওয়ান ইব্রাহিমের সামনে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত দোভাষীর মাধ্যমে বাংলা ভাষায় অভিযোগ পড়ে শুনালে অভিযুক্ত মো. সুলতান নিজের দোষ স্বীকার করেন।
বিচারক নগদ এক হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেন এবং অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া, সমাজসেবামূলক কাজ হিসেবে মোট ৬ ঘণ্টা কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এই কাজ প্রতি সেশনে দুই ঘণ্টা করে মোট ৩ দিনে সম্পন্ন করতে হবে, যা আগামী ৬ মাসের মধ্যে শেষ করা বাধ্যতামূলক।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১ জানুয়ারি রাত ১টা ২৭ মিনিটের দিকে সুলতান মো. জোহর বাহরুর স্টুলাং লাউত এলাকার জালান ইব্রাহিম সুলতানে একটি সিগারেটের অবশিষ্টাংশ ফেলেন। নির্দিষ্ট বিন বা পাত্রে না ফেলে জনসমক্ষে ফেলে পরিবেশ নোংরা করার অপরাধে তাকে হাতেনাতে শনাক্ত করা হয়।
সুলতানের বিরুদ্ধে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও জনপরিচ্ছন্নতা আইন ২০০৭’ (আইন ৬৭২)-এর ৭৭এ (১) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। এই ধারায় জনসমক্ষে বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ।
এই আইনের অধীনে সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা এবং ১২ ঘণ্টা পর্যন্ত সমাজসেবামূলক কাজের বিধান রয়েছে। মামলাটি পরিচালনা করেন প্রসিকিউশন অফিসার রুবিয়া মৌলুদ। অন্যদিকে, আদালতে অভিযুক্ত বাংলাদেশির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।