স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক ও মদ্যপানের অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে প্রকাশ্যে ১৪০ বার করে বেত্রাঘাত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই শাস্তি কার্যকর করা হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের সবচেয়ে কঠোর শাস্তির একটি বলে মনে করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরে শরিয়া আইন লঙ্ঘনের কারণে প্রকাশ্যে বেত্রাঘাতের জন্য নিজেদের পালা আসার অপেক্ষা করছে কয়েকজন নারী-পুরুষ।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহর একটি পার্কে জনসমক্ষে রটান লাঠি দিয়ে তাদের পিঠে আঘাত করা হয়।
এ সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। শাস্তি সহ্য করতে না পেরে ২১ বছর বয়সি নারীটি একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
বান্দা আচেহের শরিয়াহ পুলিশের প্রধান মুহাম্মদ রিজাল এএফপিকে জানান, ওই দুজনকে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য ১০০ বার এবং মদ্যপানের জন্য ৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। মোট ১৪০ বেত্রাঘাত করে তাদের শাস্তি দেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় আচেহই একমাত্র প্রদেশ, যেখানে ইসলামি আইন বা শরিয়াহ কঠোরভাবে প্রয়োগ করা হয়। ২০০১ সালে বিশেষ স্বায়ত্তশাসন পাওয়ার পর সেখানে শরিয়াহ আইন চালু হয়। এরপর থেকে জুয়া, মদ্যপান, সমকামী সম্পর্ক এবং বিবাহের বাইরে যৌন সম্পর্কের মতো অপরাধে প্রকাশ্যে বেত্রাঘাতের বিধান চালু রয়েছে।
এই ঘটনায় মোট ছয়জনকে শরিয়াহ আইন ভঙ্গের দায়ে বেত্রাঘাত করা হয়। তাদের মধ্যে একজন শরিয়াহ পুলিশের সদস্য ও তার নারী সঙ্গীও ছিলেন। তাদের একটি ব্যক্তিগত স্থানে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছিল।
মুহাম্মদ রিজাল বলেন, ‘আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছি, তেমনি কাউকে ছাড় দেব না, এমনকি আমাদের নিজেদের পরিবারের সদস্যদেরও নয়। এই ঘটনা আমাদের ভাবমূর্তিতে আঘাত করেছে।
আচেহ প্রদেশে বেত্রাঘাতের শাস্তি এখনো ব্যাপক জনসমর্থন পেয়ে থাকে। এর আগে ২০২৫ সালে দুই পুরুষকে সমকামী সম্পর্কের দায়ে শরিয়াহ আদালতের রায়ে প্রকাশ্যে ৭৬ বার করে বেত্রাঘাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।