প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে অপহরণ মামলায় নিরীহ যুবক আনারুল মন্ডলের অব্যাহতির দাবি

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নাবালিকা স্কুলছাত্রী অপহরণ মামলায় মিথ্যাভাবে ফেঁসে গেছেন বলে অভিযোগ উঠেছে মোঃ আনারুল মন্ডল (২৪) নামে এক দিনমজুর। এলাকাবাসী ও পরিবার দাবি করেছেন, তিনি সহজ-সরলভাবে দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন; অথচ স্থানীয় একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে। মামলা সূত্রে জানা যায়, ৩১ জুলাই সকাল ৯টা ৪৫ মিনিটে বাসুদেবপুর চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্নিষা সরকার (১৩) বিদ্যালয়ে যাওয়ার পথে ১নং আসামী হাসান মন্ডল ও তার সহযোগীরা জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বিনয় কুমার সরকার বাদী হয়ে ৮ আগস্ট গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা করেন (মামলা নং ১৮/৩৬৭, জি আর নং ৩৬৭/২০২৫)। এলাকাবাসীর দাবি, হাসান মন্ডল ও অন্নিষা সরকারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু পূর্বের একটি মামলায় আনারুলের পিতা ছবদের আলীকে মিথ্যাভাবে আসামি করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় অব্যাহতি পান। সেই আক্রোশে একই চক্র এবার আনারুল মন্ডলকে অপহরণ মামলায় ফাঁসিয়েছে। গোবিন্দগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ জানান, আনারুল মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়েছে। আনারুলের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।