

------ কে আপন কে পর -----
-------- শোভা রাণী বিশ্বাস -------
মধ্যি পাড়ার বদ্যি আমি সর্দিজ্বরের রুগি,
আসছে না যে বউটা কাছে যদিও আমি ভুগি।
ঠুকুর ঠুকুর কাশও আছে গলাটাতে বেশ,
করোনা রোগ ধরলো এসে আমায় কি শেষমেশ?
চোখ রাঙিয়ে সারাক্ষণই বউ আমাকে কয়,
এত জ্বালা এই সময়ে আমার কি আর সয়?
পাট কাটতে বৃষ্টি ভিজে বাঁধিয়ে নিলে জ্বর,
পরিস্থিতি নয় তো ভালো কাঁপছি থরোথর।
এখন সকল ভাবটা দেখে হচ্ছে মনে আমার,
'করোনা' রোগে এসে ঠিকই ধরছে বুঝি তোমার।
ওঘর থেকে আসবে না আর এই পাশেরই ঘর,
যদ্দিন না সারছে তোমার ঠান্ডা, কাশি, জ্বর।
ভাত দিয়ে যায় দরজা থেকে লাঠি দিয়ে ঠেলে,
ভাবখানা তার এমন যেন বাঁচবে মরে গেলে।
ক'দিন পরে হঠাৎ করে শ্বাসও গেলো বেড়ে,
মৃত্যু বুঝি এবার এসে প্রাণটা নেবে কেড়ে।
খুবই খারাপ দশা দেখে আমার মণির মায়,
নিজের জীবন বাঁচার আশায় বাপের বাড়ি যায়।
যাদের সুখে রাখতে আমায় জ্বর দিয়েছে হানা,
মৃত্যুমুখে ছাড়বে আমায় তা ছিল না জানা।
সকালবেলা পাশের বাড়ির নরেশ কাকার ছেলে,
হাসপাতালে যায় সে নিয়ে ঠ্যালাগাড়ি ঠেলে।
বেশ ক'টাদিন পরে ঠিকই সারলো আমার জ্বর,
শিক্ষা দিয়ে গেলো আমায় আপন কেবা পর।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।