সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
শনিবার ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী। বিজয়ের মাত্র দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জকে পাকহানাদার মুক্ত করতে জেলা শহরের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচরে সম্মুখ যুদ্ধে শহীদ হন বাংলার এ দামাল সন্তান।
পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজ ও মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর নাম তাঁর নামে নামকরণ করা হয়। এছাড়াও তাঁর শাহাদাৎ বরণের স্থলে (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা এ দিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন তাঁদের রণাঙ্গনের অগ্রনায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আব্দুল মোতালেব হাওলাদার ও মাতার নাম সাফিয়া বেগম।
এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন শহিদবৃন্দের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।