এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনকে বহনকারী গাড়িতে জ্বালানী (ডিজেল) দেয়নি পাম্প শ্রমিকরা।রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে।সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাকে বহনকারী গাড়ি দুটি শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনে জ্বালানী নেয়ার জন্য গেলে সেখানে কর্মরত শ্রমিকরা জ্বালানী সরবরাহ না করেই গাড়ি দুটি ফিরিয়ে দেয়। এ সময় গাড়িতেই বসা ছিলেন এমপি রমেশ চন্দ্র সেন। পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সব ধরণের জ্বালানী সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানি না।বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক নয়া বলেন, আমরা ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবারের ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টি কালের ধর্মঘট কর্মসূচি চলবে।এদিকে আগাম কোনো প্রকার প্রচার প্রচারণা ছাড়াই পাম্প ধর্মঘট শুরু হওয়ায় ব্যপক ভোগান্তিতে পড়েছে জ্বালানী ব্যবহারকারী মানুষ।বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের ডাকা ধর্মঘটে সাড়া দিতে বন্ধ রাখা হয়েছে জেলার ৫ উপজেলার ৩২টি পাম্পের জ্বালানি তেল সরবরাহ।
ধর্মঘটের ফলে একদিকে যেমন তেল নিতে না পেরে গাড়িচালকরা বিপাকে পড়েছেন। অন্যদিকে বিপাকে পড়েছেন কৃষকরাও। ধর্মঘট চলমান থাকলে ঠাকুরগাঁও জেলার সাথে রংপুর বিভাগের জেলার যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা দেখছেন গাড়িচালকেরা। এছাড়াও বোরো মৌসুম ও শীতকালীন সবজি চাষের এই সময়ে জ্বালানি তেল না পেলে জমিতে সেচ কাজ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
তবে বিভিন্ন হাট-বাজারে খুচরা বিক্রেতাদের চড়া দামে জ্বালানী পেট্রোল বিক্রি করতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।